গাজীপুরে চীনা ব্যবসায়ীর গাড়ি থেকে কারখানার শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচের জন্য রাখা ১ কোটি টাকা চুরির ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে আটক করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এ সময় চুরি যাওয়া টাকার মধ্যে ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ল্যাভেন্ডার ফ্যাশন কারখানা থেকে শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের জন্য নগদ ১ কোটি টাকা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন চীনা নাগরিক এক ব্যবসায়ী। পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে গাড়িটি থামালে গাড়িতে থাকা ওই টাকা নিয়ে পালিয়ে যান ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান।
পালিয়ে যাওয়ার পর জাহিদ মালিকের মোবাইল ফোনে একটি অনুশোচনামূলক খুদে বার্তা পাঠিয়ে আত্মগোপনে চলে যান। পরে এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়। শিল্প-সংশ্লিষ্ট বিষয় হওয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ ছায়া তদন্ত শুরু করে।
পরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমানের নেতৃত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ ও ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার যৌথ দল ঢাকা, গাজীপুর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানের ধারাবাহিকতায় মূল অভিযুক্ত জাহিদ হাসানকে ঝিনাইদহ সদর এলাকা থেকে আটক করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে ৮৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
এ ছাড়া জাহিদের মামা জয়নুজ্জামানের কাছ থেকে ১ লাখ ৩ হাজার টাকা এবং স্ত্রী নাসিমা আক্তারের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহিদ হাসান, তার মামা জয়নুজ্জামান ও স্ত্রী নাসিমা আক্তারকে আটক করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চুরি করা টাকা থেকে জাহিদ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে নতুন বাসা ভাড়া নেন এবং আসবাবপত্র কেনেন। এ ছাড়া ৩৩ হাজার টাকা দিয়ে একটি নতুন মোবাইল ফোনও কেনেন। অভিযানে চোরাই টাকায় কেনা আসবাবপত্র ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জানায়, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তসহ তিনজনকে আটক এবং চুরি হওয়া টাকার বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
আটক ব্যক্তিদের উদ্ধার করা টাকা ও অন্যান্য আলামতসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


