চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসানের শিল্পীসত্তা, সৃজনশীলতা ও কর্মচেতনার আদর্শে নতুন প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে রাজধানীতে প্রতিষ্ঠিত হচ্ছে ‘পটুয়া কামরুল হাসান স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (পিকিউএইচএসডিআই)’।
রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে শিগগিরই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হবে। এটি একটি সম্পূর্ণ অলাভজনক উদ্যোগ হিসেবে পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে পটুয়া কামরুল হাসানের অবদান অনন্য। দেশের জাতীয় পতাকার বর্তমান রূপদান এবং রাষ্ট্রীয় মনোগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নকশার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। তার শিল্পভাবনা, দেশপ্রেম, সৃজনশীলতা ও কর্মচেতনার উত্তরাধিকার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই প্রতিষ্ঠানটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির উদ্যোগ ও পরিচালনায় থাকবেন পটুয়া কামরুল হাসানের একমাত্র কন্যা সুমনা হাসান। তিনি স্টুডিও ২০০০ ও স্টুডিও মেনজের স্বত্বাধিকারী এবং বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএসওএবি) সাধারণ সম্পাদক।
উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে দেশের বিউটি ইন্ডাস্ট্রির বিভিন্ন পেশায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তোলা, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করাই হবে প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। বিশেষ করে দক্ষতা অর্জনের সুযোগ থেকে পিছিয়ে থাকা তরুণ-তরুণীদের এ কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
পরবর্তী সময়ে পটুয়া কামরুল হাসান স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটকে তথ্যপ্রযুক্তি, শিল্পকলা এবং কারিগরি দক্ষতা উন্নয়নের একটি সমন্বিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা। প্রযুক্তিগত জ্ঞান, শিল্প-সৃজনশীলতা ও কারিগরি প্রশিক্ষণের সমন্বয়ে তরুণদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে তোলা হবে।
একই সঙ্গে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং প্রশিক্ষণার্থীদের নিজস্ব উদ্যোগ শুরু করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।


