কুমিল্লার হোমনায় মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছে, সোমবার উপজেলার আসাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন–আসাদপুর গ্রামের মৃত সোলায়মান আহমেদের ছেলে মো. ইকরাম উল্লাহ (৪৫) ও একই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আবদুল লতিফ (৩৯)।
এর আগে, রোববার একই এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম খলিল ও শহীদ উল্লাহ নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।
হোমনার থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মীর হোসেন বলেন, ‘গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার এবং চিহ্নিতকরণের জন্য পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।’
এর আগে, গত বুধবার আসাদপুর গ্রামের আলেক শাহর ছেলে মহসিন তার ‘বেমজা মহসিন’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে থেকে মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর পোস্ট করেন। পরদিন সেপ্টেম্বর বৃহস্পতিবার এ ঘটনার জেরে আসাদপুর গ্রামের অভিযুক্ত মহসিনের দাদা কফিল উদ্দিন শাহ ও ওই এলাকার কালু শাহ, আবদু শাহ ও হাওয়ালী শাহের মাজারে হামলা হয়।
এদিন রাতে হোমনা থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


