কুমিল্লায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ জনের প্রাণহানি

কুমিল্লায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ জনের প্রাণহানি
নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই ট্রাক খাদে। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ (৫৫)। তাদের সবার বাড়ি দিনাজপুরে বলে জানা গেছে।

আহতরা হলেন আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮), জাহাঙ্গীর আলম (৪০)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি উল্টে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, ট্রাকের ওপরে মোট ১৩ জন বসা ছিলেন। ট্রাকটি খাদে পড়ার সময় তারা চালের বস্তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে সাতজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পাঁচজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক নয়ন দে। তিনি বলেন, ‘অবস্থার অবনতি হলে ভোরেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

মরদেহগুলো বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad