কুমিল্লার লালমাই উপজেলায় আনন্দঘন কুস্তি প্রতিযোগিতা মুহূর্তেই রূপ নেয় শোকাবহ ঘটনায়। খেলতে নেমেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিজ্ঞ কুস্তিগীর হেলাল উদ্দিন মজুমদার (৫২)। যিনি স্থানীয়ভাবে ‘বলি হেলাল’ নামে পরিচিত ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসাসংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কুস্তি প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের বাসিন্দা হেলাল পেশায় ছিলেন একজন মুদি দোকানদার। তবে কুস্তির ময়দানে ছিলেন সুপরিচিত মুখ। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাকায় সুনাম অর্জন করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। এক পর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলে পা ধরে কিছুটা টেনে নিয়ে যান। ঠিক তখনই হঠাৎ নিথর হয়ে পড়েন তিনি। প্রথমে অনেকে অসুস্থ ভেবে এগিয়ে এলেও দ্রুতই স্পষ্ট হয়, তিনি মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আনন্দের মঞ্চে নেমে আসে নীরবতা। দর্শকদের চোখে ভেসে ওঠে আতঙ্ক আর অশ্রু।
এমন ঘটনা পুরো এলাকাকে শোকের ছায়া নেমে আসে। দর্শকরা তার এই মৃত্যুর দৃশ্য সহজে ভুলতে পারছেন না।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ভিডিও পর্যালোচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ মঙ্গলবার রাতেই নিজ বাড়িতে নেওয়া হয়।
নিহতের ভাই শাহারিয়ার ইকবাল মজুমদার জানান, খেলার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হেলাল উদ্দিন মজুমদার স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।


