কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদা না পেয়ে এক ইটভাটায় ভাঙচুর ও ফাঁকা গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের এনএসবি ইটভাটায় এ ঘটনা ঘটে।
এনএসবি ইটভাটার মালিক আনোয়ার হোসেন আসাদ রাত ৮টার দিকে মুঠোফোনে এই প্রতিবেদককে বিষয়টি জানিয়েছেন। তিনি ওই গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।
আসাদ বলেন, ‘আমি ভাটায় ছিলাম না। ম্যানেজার ফোনে জানাল বিকাল সাড়ে ৫টার দিকে ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি ইটভাটায় এসে আমাকে খোঁজেন। না পেয়ে ঘরের জানালা, সিসিটিভি ক্যামেরা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় তারা ফাঁকা কয়েক রাউন্ড গুলিও করেছে।’
তিনি জানান, বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন। ভয়ে এখনো লিখিত অভিযোগ করেননি। বৃহস্পতিবার তিনি অভিযোগ করবেন। তার ভাষ্য, চাঁদা না পেয়ে হয়ত সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও এনএসবি ইটভাটার ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, ‘আকাশে মেঘ ছিল। কাঁচা ইট ঢাকাঢাকি করছিলাম। তখন পদ্মা নদীর দিক থেকে ৭ থেকে ৮ জন ভাটায় এসেছে মালিক আসাদ ও ব্যবস্থাপককে অকথ্য ভাষায় বকাবকি করেন এবং খোঁজেন। সেসময় তাদের হাতে শর্টগান, বন্ধুক ও লোহার পাইপ ছিল। আমার পরনে লুঙ্গি থাকায় শ্রমিক ভেবে চিনতে পারেনি। এরপর কাউকে না পেয়ে তারা ভাঙচুর ও ফাঁকা গুলি করে।’
তার ভাষ্য, ৭ থেকে ৮ জনের মধ্যে তিন থেকে চারজনের মুখ বাঁধা ছিল। অন্যদের মুখ খোলা ছিল। কিন্তু কাউকে চেনা যায়নি। অন্তত ১০ মিনিট তারা ভাটায় থেকে পদ্মা নদীর দিকে চলে যান। সন্ত্রাসীরা চাঁদার জন্য এসেছিল, না কাউকে হত্যা করতে এসেছিল তা বোঝা যায়নি। এতে আতঙ্কিত সবাই।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ফোনে একজন ভাটায় ভাঙচুরের কথা জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


