কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো বাণিজ্য আলোচনা করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ‘বিকৃতভাবে’ ব্যবহার করায় কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় তিনি আগ্রহী নন।
আল জাজিরার খবরে বলা হয়, বিজ্ঞাপনটি নিয়ে ট্রাম্প প্রশাসন আপত্তি জানানোর পরপরই কানাডা তা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। এমনকি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ বিষয়ে দুঃখ প্রকাশও করেন। তবুও প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বিজ্ঞাপনটি প্রচার করা ‘অনুচিত’ এবং এ কারণেই বাণিজ্য আলোচনা আর পুনরায় শুরু করা হবে না।
ট্রাম্প বলেন, ‘আমি তাকে (কার্নিকে) সম্মান করি, কিন্তু তারা যা করেছে তা ভুল ছিল। বিজ্ঞাপনটি বিভ্রান্তিকর ছিল বলে তিনি এরইমধ্যে ক্ষমা চেয়েছেন।’
অবশ্য এ বিষয়ে প্রধানমন্ত্রী কার্নির দপ্তর কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে, গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-কানাডা চলমান বাণিজ্য আলোচনা বাতিল করেন এবং কানাডার পণ্যে প্রতিশোধমূলক অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।
বিতর্কিত বিজ্ঞাপনটি তৈরি করেছিল অন্টারিও প্রদেশ সরকার। যা মেজর লিগ বেসবলের ওয়ার্ল্ড সিরিজের প্রথম খেলায় সম্প্রচারিত হয়। ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করছিল টরন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স।
বিজ্ঞাপনে রোনাল্ড রিগ্যানের একটি পুরোনো বক্তব্য ব্যবহার করা হয়। সেখানে রিগ্যান বলেছিলেন, ‘বাণিজ্যে শুল্ক যুদ্ধ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে।’ কিন্তু বিজ্ঞাপনে তার এই বক্তব্যকে বিকৃত করে ব্যাঙ্গাত্মকভাবে সাজানো হয়, যা রিগ্যানের মূল বার্তার সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।
ট্রাম্প এই বিজ্ঞাপনকে ‘বিভ্রান্তিকর’ ও ‘যুক্তরাষ্ট্র বিরোধী’ বলে আখ্যা দেন।
কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। দেশটির মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যায় মার্কিন বাজারে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতির কারণে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে অস্থিরতা তৈরি হয়েছে।


