বৈরী আবহাওয়া উপেক্ষা করে কানাডার ক্যালগেরির স্ক্যান্ডেনাভিয়ান কমিউনিটি সেন্টারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন ‘আমরা সবাই’ এর উদ্যোগে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার কমিউনিটি সেন্টারের পূজামণ্ডপে সরস্বতী পূজা শুরু হয় দুপুর ১২টায়। পরে দুপুর সোয়া একটা নাগাদ পুষ্পাঞ্জলি দেওয়া শেষে বেলা আড়াইটায় প্রসাদ বিতরণ করা হয়।
পূজার দিন অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর কাছে অজ্ঞতার অন্ধকার দূর করার আর্শীবাদ কামনা করে তার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এদিন সকাল থেকেই পূজামণ্ডপে শিশু ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। পূজা উপলক্ষে আর্ট কম্পিটিশন, নাচ-গান ও বিভিন্ন ধর্মীয় আচার রীতির মধ্য দিয়ে সবাই আনন্দে মেতে ছিলেন।
পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। বিদ্যার দেবী সরস্বতী সারাবিশ্বে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা ছিল কানাডায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের।
‘আমরা সবাই’ এর সভাপতি রুপক দত্ত বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আমাদের ধর্ম আমাদের রীতি আচার ও আমাদের ঐতিহ্য ধরে রাখবে। ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরস্বতী পূজাকে আরও সাফল্যমন্ডিত করে তুলেছে। সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা।’
সহসভাপতি জয়ন্ত বসু বলেন, ‘নতুন প্রজন্মের মাঝে আমাদের ধর্মীয় রীতি নীতিকে ধরে রাখতেই আমাদের এ আয়োজন। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম প্রবাসে এই চর্চা অব্যাহত রাখুক।’


