কাতারের রাজধানী দোহায় হামাসের সিনিয়র উচ্চপদস্থ নেতাদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার ফলে দোহা শহরের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিবিসি জানায়, ইসরায়েলের সামরিক বাহিনী হামলার বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, হামাসের নেতাদের লক্ষ্য করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এ হামলা করা হয়, তবে হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।
একটি সূত্র জানায়, এই হামলার লক্ষ্য ছিল কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতারা। হামাসের এক মুখপাত্র বিবিসিকে জানান, হামলা চলাকালে দোহায় হামাসের মধ্যস্থতাকারীদের একটি দল বৈঠক করছিল।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, হামলা একটি আবাসিক ভবনে হয়েছে, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য বসবাস করতেন।


