কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির শাহানিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত বাংলাদেশি প্রবাসীরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।
জানা গেছে, তারা সবাই একটি পিকআপ ভ্যানে চড়ে নিজেদের কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটনাস্থলেই চালকসহ ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অন্যজন ভারতের নাগরিক।
বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে নিহত রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।


