সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
আদেশে বলা হয়েছে, সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিলেটে জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়ার পর সারওয়ার আলম ভোলাগঞ্জ সাদা পাথর এলাকার খোয়া যাওয়া পাথর উদ্ধার করে আলোচনায় আসেন। চলতি সপ্তাহেই হযরত শাহজালাল(র.)-এর মাজারে জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স বসান। আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে এসব দানবাক্স দেখভালেরও দায়িত্ব নেয় জেলা প্রশাসন। তার এই উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা পেলেও মাজার সংশ্লিষ্ট একটি পক্ষ ভালভাবে নেয়নি।
আগে মাজার কর্তৃপক্ষ বড় ডেকচির মাধ্যমে দান গ্রহণ ও অর্থ ব্যয় করতো। তবে বিভিন্ন সময় দানের অর্থ গ্রহণ ও ব্যয় নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে।
সিলেটে জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে বিভিন্ন সময় রাজধানীতে বাজার মনিটরিং ও নিরাপদ খাদ্যের অভিযান চালিয়ে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন সারওয়ার আলম।


