বাংলা সাহিত্যের কিংবদন্তি থ্রিলার লেখক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন ওয়েব ফিল্ম ‘সারার সংসার’। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় প্রকাশ করা হয় ওয়েব ফিল্মটির প্রথম ঝলক। পোস্টারে ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হয়েছে—“একটি ভুল এবং মায়ের কঠিন লড়াই…”।
আইস্ক্রিনের পক্ষ থেকে জানানো হয়েছে, “কে এই সারা? কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে এই ঈদে আসছে ‘সারার সংসার’, শুধুমাত্র আইস্ক্রিনে।”
ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন ‘কালের পুতুল’খ্যাত নির্মাতা আকা রেজা গালিব। নির্মাতা জানিয়েছেন, মূল উপন্যাসের থ্রিলার ও আবেগঘন আবহ বজায় রেখেই সমসাময়িক প্রেক্ষাপটে গল্পটি উপস্থাপন করা হয়েছে। তবে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পারিবারিক টানাপোড়েন এবং একজন মায়ের সংগ্রামের দিকটিতে।
প্রযোজনা সূত্রে জানা গেছে, কাজী আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে চুক্তির মাধ্যমে ইমপ্রেস টেলিফিল্ম উপন্যাসটি পর্দায় আনার উদ্যোগ নেয়। পরবর্তীতে সেটিই ‘সারার সংসার’ নামে নির্মিত হয়েছে।
নির্মাতার ভাষ্যমতে, এটি শুধু একটি থ্রিলার নয়, বরং একটি ভুলের পরিণতি, পারিবারিক সংকট এবং একজন নারীর মানসিক ও বাস্তব সংগ্রামের গল্প।
ওয়েব ফিল্মটির অভিনয়শিল্পীদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে শিগগিরই ট্রেলার ও কাস্ট তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
দীর্ঘদিন পর কাজী আনোয়ার হোসেনের সাহিত্যভিত্তিক কোনো নতুন নির্মাণ আসায় পাঠক ও দর্শকমহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। বিশেষ করে ‘মাসুদ রানা’ স্রষ্টার জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই নারীকেন্দ্রিক গল্পটি ঈদের ওটিটি কনটেন্টে আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


