চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে কমিশন পেয়েছেন ২০৪ সেনা কর্মকর্তা।
মঙ্গলবার একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৮৯তম দীর্ঘমেয়াদি কোর্স ও ৬০তম স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য রাষ্ট্রপতি কুচকাওয়াজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।
নিজের বক্তব্যে সেনাপ্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে নবীন কর্মকর্তাদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুদায়িত্ব ন্যস্ত হলো।
এই কুচকাওয়াজের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন এবং স্পেশাল কোর্সের ২০ জনসহ মোট ২০৪ জন ক্যাডেট অফিসার হিসেবে কমিশন লাভ করলেন। নতুন কমিশনপ্রাপ্তদের মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন নারী কর্মকর্তা।
৮৯তম দীর্ঘমেয়াদি কোর্সে সেরা চৌকস ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার’ অর্জন করেন কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক। সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে তিনি সেনাবাহিনী প্রধান স্বর্ণপদকও পেয়েছেন।
শপথ গ্রহণের পর নবীন কর্মকর্তাদের কাঁধে র্যাঙ্ক–ব্যাজ পরিয়ে দেন তাদের অভিভাবকরা।


