বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছে কমনওয়েলথের প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট টিম।
সোমবার রাতে রাজধানীর বনানীর হোটেল সেরিনায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট ডিপার্টমেন্টের অ্যাডভাইজার ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের চিফ লিনফোর্ড অ্যান্ডুজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জিয়াউদ্দিন হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, আসন্ন নির্বাচন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে।


