চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ওসিকে ফেসবুকে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনি।
শনিবার সকালে তিনি ফেসবুকে কোতোয়ালী ও চান্দগাঁও থানার ওসিকে উদ্দেশ করে লিখেছেন: ‘আপনাদের স্ত্রী-সন্তানরা বা পোলাপাইনরা বিপদে পড়লে আমাদের দোষ দিয়েন না।’
ফেসবুকে স্ট্যাটাস দেওয়া রনি ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য। অন্যদিকে হুমকি পাওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন চান্দগাঁও থানার ওসি নুর হোসাইন মামুন এবং কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন।
হুমকির বিষয়ে নুরুল আজিম রনির বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পেছনে সাম্প্রতিক গ্রেপ্তার অভিযানকে কারণ হিসেবে দেখছেন পুলিশ কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এসব অভিযানের পরপরই ফেসবুকে ওই হুমকিমূলক স্ট্যাটাস দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানা লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। হয়তো এ কারণেই এ ধরনের হুমকি দেওয়া হয়েছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান ওসি আফতাব উদ্দিন। এ নিয়ে জানতে চান্দগাঁও থানার ওসি নুর হোসাইন মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অপরাধীরা দূরবর্তী অবস্থান থেকে এ ধরনের বক্তব্য দেয়। সিএমপির একটি বিশেষ ইউনিট এসব বিষয় নিয়মিত মনিটরিং করছে।


