বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডে ৪১টির বেশি দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে।
রোববার ভোর সাড়ে ৩টার দিকে এ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এর আগে ২০২২ সালে এক অগ্নিকাণ্ডে একই বাজারে ১৩টি দোকান ও দুটি বসতবাড়ি পুড়েছিল।
বান্দরবান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আবদুল মান্নান আনসারী জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিনির্বাপণ কাজে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও সহায়তা করেন।
আবদুল মান্নান আনসারী বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে জানা যাবে। এর আগে মন্তব্য করা ঠিক হবে না।’
জামছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ক্য চিং শৈ মারমা জানান, বাজারের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
নাসালনি পাড়া ইউপি চেয়ারম্যান চ নু মং বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা নিঃস্ব হয়ে গেছেন। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি এখানে আগুন লেগেছিল। ওই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা আবারও সব হারালেন।’


