ঢাকার ধানমন্ডিতে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেছে আদালত।
রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত এ তারিখ ধার্য করেন। বাদী পক্ষের আইনজীবী খলিলুর রহমান আসাদ এ তথ্য জানান।
তিনি বলেন, আজ মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। এ জন্য কারাগারে থাকা দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। তবে মামলাটির রায় প্রস্তুত না হওয়ায় আগামী ১৭ ফেব্রুয়ারি তারিখ ধার্য করে আদালত।
এ হত্যা মামলার আসামিরা হল, বাসার কর্মী বাচ্চু মিয়া এবং কাজের মেয়ে সুরভী আক্তার নাহিদ।
মামলা সূত্রে জানা যায়, ছয় বছর আগে ২০১৯ সালের পহেলা নভেম্বর রাতে শিল্পপতি কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) এবং তার গৃহকর্মী দিতির (১৮) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তারা ধানমন্ডির ‘লোবেলিয়া হাউজ’ নামে একটি ভবনের পঞ্চম তলায় থাকতেন। ওই বাসায় দুজনকে গলা কেটে হত্যা করা হয়।
আফরোজা যে ফ্ল্যাটে থাকতেন, তার উল্টো দিকের ফ্ল্যাট এবং ঠিক ওপরে ছয়তলার ফ্ল্যাট নিয়ে ডুপ্লেক্স ফ্ল্যাটে স্বামী-সন্তান নিয়ে থাকেন আগরোজার মেয়ে দিলরুবা সুলতানা রুবা। ঘটনার দুদিন পর রুবা মামলাটি দায়ের করেন।
২০২২ সালের ১ ফেব্রুয়ারি পিবিআইয়ের তদন্ত শেষে আফরোজা বেগমের বাসার কর্মী বাচ্চু মিয়া এবং কাজের মেয়ে সুরভী আক্তার নাহিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান।
ওই বছরের ১১ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৩২ সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করে।


