ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে আত্মগোপনে সহায়তা ও অর্থায়নের অভিযোগে আমিনুল ইসলাম রাজু (৩৭) নামে এক ব্যক্তিকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ এ আদেশ দেন।
এদিন দুপুরে মিরপুর-১১ এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কর্মকর্তা ফয়সাল আহমেদ ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিকালে আসামিকে দেরিতে আদালতে হাজির করায় অসন্তোষ প্রকাশ করেন বিচারক। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতের ওসি এবং প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শকের কাছে ব্যাখ্যা চান তিনি।
পরবর্তী সময়ে আদালত সংশ্লিষ্ট পল্টন থানার জেনারেল রেজিস্টার অফিস (জিআরও) এবং কোর্ট হাজতের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শানোর নোটিশ দেন।
পাশাপাশি তদন্ত কর্মকর্তাকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিকে দেরিতে হাজির করার কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন শুনানিতে বলেন, ‘রাজু প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্তে আত্মগোপনে সহায়তা করেছেন এবং পলাতক আরেক আসামি ফিলিপের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তিনি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ফয়সালকে আড়াল করার চেষ্টা করেছেন।’
তদন্ত কর্মকর্তা দাবি করেন, রাজু এই হত্যাকাণ্ডে অর্থ সহায়তা দিয়েছেন এবং পুরো পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, হাদিকে গুলির ঘটনার পর রাজু তার এক আত্মীয়ের মাধ্যমে পলাতক আসামি ফিলিপের সঙ্গে যোগাযোগ করেন।
তিনি ফয়সালসহ অন্য আসামিদের অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পালিয়ে থাকতে সরাসরি সাহায্য করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিলেও কৌশলে অনেক বিষয় এড়িয়ে যান তিনি। হাদি হত্যার মূল রহস্য উদঘাটন এবং অন্য আসামিদের অবস্থান শনাক্তে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে, গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি।
উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে গত বৃহস্পতিবার সেখানে তিনি মারা যান।
এ ঘটনায় পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা হলেও হাদির মৃত্যুর পর তা নিয়মিত হত্যা মামলায় রূপান্তর করা হয়।


