শুক্রবার দুপুর আড়াইটায় কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে দেশের দুই ঐতিহ্যবাহী শক্তি বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হচ্ছে চ্যালেঞ্জ কাপ দিয়েই। আর সেই সূচনা হবে একেবারে ফাইনালের মহারণ দিয়ে। স্পোর্টিং ক্লাব শিরোপার জন্য মরিয়া দুই দলই এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
বুধবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মণ আত্মবিশ্বাসের সুরে বললেন, ‘গত বছর আমরা এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলাম। এবারের সবচেয়ে ইতিবাচক দিক হলো, দলে কোনো চোট নেই। সবাই সুস্থ আছে, সবাই প্রস্তুত। কোচ আমাদের যেভাবে কাজ করাচ্ছেন, সেটি মাঠে বাস্তবায়ন করতে পারলেই ভালো ফল আসবে।’
অভিজ্ঞ এই ডিফেন্ডার জানেন ম্যাচটা সহজ হবে না। তার ভাষায়, ‘ফাইনাল সবসময় কঠিন হয়। একটাই ম্যাচ, একটাই সুযোগ। আমাদের মানসিকতা খুব স্পষ্ট, এই ম্যাচ জিততেই হবে।’
তপুর মুখে নতুন কোচ আর্জেন্টাইন মারিও গোমেজের প্রশংসাও ঝরলো বারবার। ‘তিনি শুধু ভালো কোচই নন, একজন দারুণ মানুষও। খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কটা তিনি খুব ঘনিষ্ঠভাবে গড়ে তুলেছেন। ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্ত হবে বলে আমি মনে করি। তার ফুটবল দর্শন আলাদা, শুক্রবার সেটাই আপনারা মাঠে দেখতে পারবেন। তার অধীনে এটিই আমাদের প্রথম অফিসিয়াল ম্যাচ। আমরা চেষ্টা করব তাকে জয় উপহার দিতে,’ বললেন কিংস অধিনায়ক।
গোমেজও আত্মবিশ্বাসী শোনালেন সংবাদ সম্মেলনে। ‘প্রস্তুতি সন্তোষজনক। কোনো সমস্যা নেই। আমাদের বেশিরভাগ খেলোয়াড় জাতীয় দলে নিয়মিত খেলার মধ্যে ছিল। তাই ফিটনেস নিয়ে বাড়তি চিন্তা করতে হয়নি। রবিবার থেকে পূর্ণ দল একসঙ্গে অনুশীলন করছে। এখন পুরো মনোযোগ শুক্রবারের ফাইনালে,’ জানালেন আর্জেন্টাইন কোচ।
অন্যদিকে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবও মাঠে নামছে ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই। কোচ আলফাজ আহমেদ সোজাসাপ্টা বললেন, ‘যেহেতু এটা শিরোপার লড়াই, অন্য কিছু ভাবছি না। আমাদের লক্ষ্য স্পষ্ট, চ্যাম্পিয়নশিপ জয় ছাড়া আর কিছু নয়।’
তবে বসুন্ধরাকে প্রতিপক্ষ হিসেবে সম্মান জানাতে ভোলেননি আলফাজ, ‘তাদের মান সবসময়ই আমাদের চেয়ে ভালো। গত পাঁচ-ছয় মৌসুমে বসুন্ধরা অনেক শক্তিশালী দল গড়েছে, বড় মাপের কোচ এনেছে। এবারও তাই। তবে ফাইনালে আমরা আমাদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।’
আলফাজ আক্ষেপ করলেন প্রস্তুতি নিয়ে। ‘ন্যাশনাল টিমের কারণে আমাদের প্রায় ১০ জন খেলোয়াড় মাত্র তিন দিন আগে স্কোয়াডে যোগ দিয়েছে। পুরো স্কোয়াড একসঙ্গে কাজ করার সময় পাইনি। তবুও দলকে আমি মোটিভেট করেছি। আশা করি মাঠে আমরা একসঙ্গে লড়াই করব।’
অভ্যাসের অভাব নিয়ে পুরনো সমস্যার কথাও তুললেন মোহামেডান কোচ, ‘এটা আমাদের বহু বছরের সমস্যা। মাঠের অভাব আমরা মেনে নিতে শিখেছি। সমাধান আপাতত নেই, তাই এটার সঙ্গে খাপ খাইয়েই খেলতে হয়।’
মোহামেডানের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিঠুও আত্মবিশ্বাসের সুরে কথা বললেন। ‘আমাদের লক্ষ্য একটাই, শিরোপা জয়। গতবার আমরা বসুন্ধরার কাছে হেরেছিলাম। এবার আমরা চাই হারানো ট্রফি ফিরিয়ে আনতে। অধিনায়ক হলেও আমি সবাইকে বলেছি, শুধু আমি নই, সবাই ক্যাপ্টেন। প্রত্যেকে যদি নিজের দায়িত্বটা ঠিকভাবে নেয়, তাহলে ইনশাল্লাহ আমরা জিতবই।’
ফাইনালের আগে দুই শিবিরেই উত্তেজনা আর প্রতিজ্ঞার ছাপ স্পষ্ট। বসুন্ধরা কিংসের চোখ যেখানে শিরোপা ধরে রাখার দিকে, সেখানে মোহামেডান স্পোর্টিং চাইছে প্রতিশোধের স্বাদ নিতে। শুক্রবার কুমিল্লার মাঠেই নির্ধারিত হবে মৌসুমের প্রথম চ্যাম্পিয়ন কারা।


