ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের মালিককেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল হান্নান। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জে।
রোববার সকালে তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদপুর থেকে আব্দুল হান্নানকে আটকের পর তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে মোটরসাইকেল থেকে ওসমান হাদির ওপর গুলি চালানো হয়, তার নম্বর ৫৪-৬৩৭৫। কাগজে-কলমে যার মালিক হান্নান।
তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
এর আগে গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চেয়েছিলেন তিনি।
গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মেডিকেল বোর্ড বসিয়ে তার চিকিৎসা চলছে।


