ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। পরে তা গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সদ্যবিদায়ী এমডি আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
জানা গেছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই পদে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে।
অভিযোগের ভিত্তিতে সিআইডি প্রাথমিক অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে জানা যায় মো. আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচার করে তিনি নিজের নামে, স্ত্রীসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হন বলে অভিযোগ পাওয়া গেছে।
সিআইডির অনুসন্ধানে আরও জানা যায়, ২০১৮ সালে তিনি নিজের নাম ও তার স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডার টরন্টো শহরে একটি বাড়ি কেনেন। স্থানীয় ভূমি নিবন্ধন অফিস সূত্রে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। জানা যায় ২০১৮ সালের ২৮ মার্চ কেনা ওই বাড়িটির বর্তমান মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ২০ কোটি টাকা।
সিআইডি সূত্র জানিয়েছে এ ঘটনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী অনুসন্ধান চালিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


