সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর ট্রেলার, আর তাতেই স্পষ্ট—পিটার পার্কারের জীবনে শুরু হয়েছে সবচেয়ে কঠিন অধ্যায়।
এই ট্রেলারে দেখা যায়, পিটার একেবারে একা। তার অতীত যেন মুছে গেছে পৃথিবী থেকে। ডক্টর স্ট্রেঞ্জের সহায়তায় সবাই তার স্মৃতি ভুলে যাওয়ার পর, তার প্রেমিকা এমজে আর তাকে চিনতে পারেন না। একই অবস্থা তার ঘনিষ্ঠ বন্ধু নিড লিডসের।
ব্যক্তিগত এই শূন্যতার মধ্যেই পিটারকে দেখা যায় ভেঙে পড়তে। এমজেকে অন্য কারও সঙ্গে দেখে তার অসহায়তা স্পষ্ট হয়ে ওঠে, আর নেডের দিকে তাকিয়ে থাকা দৃশ্যগুলো আরও গভীর করে সেই একাকীত্ব।
কিন্তু মানসিক লড়াইয়ের পাশাপাশি শারীরিক সংকটও বাড়ছে। তার স্পাইডার ডিএনএতে পরিবর্তনের কারণে ধীরে ধীরে কমে যাচ্ছে তার সুপার শক্তি।
এদিকে বিপদও ঘনিয়ে আসছে। স্ক্ররপিয়ন তাকে হত্যা করতে তৎপর, আর দ্য পানিশার সুযোগ পেলে পিছু হটবেন না—এমন ইঙ্গিতই মিলছে ট্রেলারে।
সব মিলিয়ে, একদিকে শক্তি হারানো, অন্যদিকে চারপাশে শত্রু—পিটার পার্কার যেন কোণঠাসা।
এই সংকটময় মুহূর্তেই হাজির হন হাল্ক। তিনি পিটারকে বোঝান, তার এই দুর্বলতা সাময়িক—জীবনচক্রের একটি পর্যায় মাত্র। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সেটিই হবে তার ‘নতুন দিন’ বা পুনর্জন্মের সূচনা।
ছবির মূল কাহিনি এখনো গোপন রাখা হয়েছে। তবে ট্রেলার দেখে একটাই প্রশ্ন সামনে আসে—পিটার কি ফিরে পাবে তার শক্তি, তার মানুষগুলো, আর নিজের পরিচয়?
সব প্রশ্নের উত্তর মিলবে বড় পর্দায়। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ জুলাই মুক্তি পাবে ছবিটি।


