স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
সভায় এলজিইডির অধীনে চলমান বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফখরুল বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।’ তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহির সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে।
উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়, সে বিষয়ে তিনি প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলজিইডির বিভিন্ন প্রকল্পের পরিচালকরা সশরীরে ও ভার্চুয়ালি অংশ নেন।


