পুলিশ সুপারের(এসপি) পর এবার লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাছাই করেছে পুলিশ সদর দপ্তর। চূড়ান্ত অনুমোদনের পর তাদেরকে নিয়োগ দেওয়া হবে।
তবে লটারিতে ওসি নিয়োগ ও বদলির বেলায় দেশের ৮টি মেট্রোপলিটান পুলিশ ইউনিটের থানাগুলোকে বাইরে রাখা হয়েছে।
পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওসি নিয়োগে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে এই নিয়োগ ও বদলির ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ওসি।
লটারিতে বদলি ও নিয়োগের জন্য প্রস্তাবিত ওসিদের মধ্যে আছেন ঢাকা রেঞ্জের ১৩ জেলায় ৯৮ জন, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১১১ জন, খুলনা রেঞ্জের ১০ জেলায় ৬৪ জন, ময়মনসিংহ রেঞ্জের চার জেলায় ৩৬ জন, বরিশাল রেঞ্জের ছয় জেলায় ৪৬ জন, সিলেট রেঞ্জের চার জেলায় ৩৯ জন, রাজশাহী রেঞ্জের আট জেলায় ৭১ জন এবং রংপুর রেঞ্জের আট জেলায় ৬২ জন।
কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব প্রদানে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। এধরণের অভিযোগ এড়াতে এবার লটারির মাধ্যমে এসপি এবং ওসি বদলি ও নিয়োগ করা হচ্ছে।


