চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন মোট ২৮টি ফরম বিক্রি করেছে নির্বাচন কমিশন।
এর মধ্যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন ২৬ জন। সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন নিয়েছেন সাতজন। সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন নিয়েছেন দুইজন করে।
হল সংসদে নির্বাচনের মনোনয়ন নিয়েছেন আরও দুইজন প্রার্থী যার মধ্যে ছাত্র হলে একজন এবং ছাত্রী হলে একজন।
এ ছাড়া প্যানেল হিসেবে মনোনয়ন নিয়েছে ‘দ্রোহ পর্ষদ’।
চাকসু নির্বাচনে ভোটার ২৭ হাজার ৬৩৪
চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় নতুন করে ১ হাজার ৭৬৮ শিক্ষার্থী যুক্ত হয়েছে। এ অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন। তবে ছাত্র ও ছাত্রী সংখ্যা নিয়ে কমিশন নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। সোমবার বা মঙ্গলবারের মধ্যে ছাত্রছাত্রীদের সংখ্যা জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম আরিফুল হক সিদ্দিকী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল রয়েছে; এর মধ্যে পাঁচটি হল ছাত্রীদের এবং বাকি ১০টি হল ছাত্রদের জন্য।


