এবার যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের

এবার যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের
মগবাজারে জামায়াতসহ আট দলের সংবাদ সম্মেলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী শনিবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা না করলে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াতসহ আট দল।

রোববার থেকে ঢাকার রমনা এলাকায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এই কর্মসূচি পালন করা হবে।

বুধবার দুপুরে মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আন্দোলনরত আট দলের পক্ষে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান।

এসময় আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় বৃহস্পতিবার সারাদেশে রাজপথে অবস্থান এবং শুক্রবার পাঁচ দফা দাবিতে জেলা ও মহানগরের বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়।

আরও পড়ুন

আন্দোলনরত আট দল হলো–জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করছি। আশা করছি তিনি দেশের মানুষের ভাষা বোঝার চেষ্টা করবেন।’

প্রায় দুই মাসের বেশি সময় ধরে জামায়াত ও সমমনা দলগুলো পাঁচ দফা দাবিতে আন্দোলনে মাঠে রয়েছে। এবার তারা ষষ্ঠ দফায় নতুন কর্মসূচির ঘোষণা দিল।

এতদিন যে দাবিতে দলগুলো মাঠে রয়েছে সেগুলো হলো, জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি; জাতীয় নির্বাচনের আগে গণভোট; পিআর পদ্ধতি বাস্তবায়ন; জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দল নিষিদ্ধ করা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad