জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করেনি। সম্প্রতি আট দলের যুগপৎ কর্মসূচির যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ‘মিসলিডিং’ (ভুল তথ্য) বলে মন্তব্য করেছে দলটি।
শনিবার এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছিল। তবে পূর্ণসংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টি সম্পর্কে এনসিপির কোনো অবস্থান নেই।
এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে প্রোপর্শনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বিষয়ে একমত। এ ছাড়া সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদী সহযোগীদের বিরুদ্ধে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার দাবিতে এনসিপি সমর্থন জানাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


