খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে গুলির ঘটনার পর মেহেরপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্ত দিয়ে অপরাধী পালিয়ে যাওয়ার আশঙ্কায় বিজিবির একাধিক ব্যাটালিয়নের পক্ষ থেকে নজরদারি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সূত্র জানায়, মেহেরপুর জেলার প্রায় ১১৭ কিলোমিটার এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম শুরু হয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিশেষ করে যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকা বিশেষভাবে সিলগালা করা হয়েছে। সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অনুপ্রবেশ বা দুষ্কৃতকারীরা পালিয়ে যেতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গত সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার (৪২) দুর্বৃত্তদের গুলিতে আহত হন। হামলাকারীরা তার মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে।


