বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছে সরকার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এই প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, ডিআইজি মহা. আশরাফুজ্জামান (বর্তমানে পলাতক), ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, ডিআইজি মো. মনিরুল ইসলাম, ডিআইজি মাহফুজুর রহমান, ডিআইজি মো. মুনিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, ডিআইজি শামীমা বেগম, ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং ডিআইজি সালমা বেগম।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।


