এক বছরের মধ্যেও বিদ্যুৎ-গ্যাস সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ সমস্যা সমাধানে সর্বনিম্ন দুই বছর লাগবে।
রোববার রাজধানী ঢাকার একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের (অ্যামচেম) এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার অতীত থেকে পাওয়া বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ে লড়াই করছে। দুর্ভাগ্যবশত ছয় মাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে না। এমনকি এক বছরেও সম্ভব নয়, এজন্য সর্বনিম্ন দুই বছর সময় লাগবে।
দেশে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হলেও সঞ্চালন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের কাছে যে পরিসংখ্যান আছে বাস্তবে বিদ্যুতের পরিমাণ তার চেয়ে কম।
নবায়নযোগ্য জ্বালানি, গ্যাসভিত্তিক বিদ্যুৎ ও কয়লার সমন্বয়ে জ্বালানি সংমিশ্রণ নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার এই সংমিশ্রণ মোটামুটিভাবে নির্ধারণ করে ফেলেছে। যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় পরিবর্তন দেখা যাবে।


