ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’ চলাকালে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনীর ভয়াবহ নৃশংসতা ও গণহত্যার ন্যায়বিচারের জন্য বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, তার প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
রণধীর জয়সওয়াল বলেন, ‘১৯৭১ সালে অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তান কর্তৃক সংঘটিত ভয়াবহ নৃশংসতা সম্পর্কে আমরা সবাই অবগত। এই গণহত্যায় লাখ লাখ নিরীহ বাংলাদেশি মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং নারীদের বিরুদ্ধে ব্যাপক আকারে যৌন অপরাধ সংঘটিত হয়েছিল।’
তিনি বলেন, ‘পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতার ফলে লাখ লাখ মানুষ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ওই নৃশংসতা বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, পাকিস্তান আজও তাদের সেই অপরাধের কথা অস্বীকার করে চলেছে।’
ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা ন্যায়বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সমর্থন করি।’


