আধুনিক নগরজীবনের দ্রুতগতির ছকে ভালোবাসা এখন আর আগের মতো সরল নয়। কাজের চাপ, ব্যক্তিগত স্বপ্ন, সময়ের অভাব আর ‘নিজের স্পেস’-এর প্রয়োজন। সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ হয়ে উঠছে আরও জটিল, আরও সংবেদনশীল। ঠিক এই বাস্তবতাকেই গল্পের কেন্দ্রে রেখে রেজাউর রহমান বানিয়েছেন ‘একসাথে আলাদা’। ঈদুল ফিতরে দর্শকদের সামনে আসছে হইচই অরিজিনাল ফিল্মটি।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো এক ঘণ্টার সিনেমার নতুন ফরম্যাট চালু করতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমায় প্রথমবার একসাথে পর্দায় দেখা যাবে ইয়াশ রোহান ও পারসা ইভানাকে।
‘একসাথে আলাদা’ শুধু প্রেমের গল্প নয়; এটি মূলত শহুরে সম্পর্কের টানাপোড়েনের একটি প্রতিচ্ছবি। ভালোবাসা থাকা সত্ত্বেও কেন মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়, আবার কেন সেই দূরত্বের মাঝেই জন্ম নেয় নতুন উপলব্ধি—এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ একঝাঁক অভিজ্ঞ শিল্পী, যাঁদের উপস্থিতি গল্পের আবেগ ও বিশ্বাসযোগ্যতাকে আরও গভীর করেছে।
নির্মাতা রেজাউর রহমান বলেন, ‘আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপে সম্পর্কের ভাষা বদলে যাচ্ছে। মানুষ একসাথে থেকেও আলাদা হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস, দর্শক এই গল্পে নিজেদের জীবনের অনেক অংশ খুঁজে পাবেন।’
ইয়াশ রোহান বলেন, ‘এই সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ই মনে হয়েছিল, এটা খুব পরিচিত এক গল্প। আমাদের চারপাশেই এমন অনেক মানুষ আছে, যারা ভালোবাসে, কিন্তু ঠিকভাবে তা ধরে রাখতে পারে না। পোস্টার প্রকাশের পর দর্শকদের যে আগ্রহ দেখছি, তাতে সিনেমাটি নিয়ে আমাদের প্রত্যাশা আরও বেড়েছে।’
পারসা ইভানা বলেন,‘এই চরিত্রটি আমার আগের কাজগুলোর থেকে আলাদা। বাইরে থেকে এটি রোমান্টিক কমেডি মনে হলেও, এর ভেতরে রয়েছে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি। দ্বিধা, ভয়, না বলা কথা। ইয়াশ আর আমি চেষ্টা করেছি, চরিত্রগুলোর সেই নীরব আবেগগুলো সত্যি করে পর্দায় তুলে ধরতে।’


