আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিয়েছেন ৩ জন সংগীতশিল্পী। এরা হচ্ছে রিজিয়া পারভীন, বেবী নাজনীন ও কনকচাঁপা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন তারা।
রিজিয়া পারভীন জানান, তিনি নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। দীর্ঘদিন সংগীত অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও এবার সরাসরি রাজনীতিতে অংশ নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চান বলে জানান তিনি।
তিনি বলেন, “আমার বাড়ি কিশোরগঞ্জ। সেখান থেকেই আমি আবেদন করেছি। সেখান থেকেই নির্বাচিত হতে চাই। আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই।”
একজন শিল্পী হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নেও ভূমিকা রাখতে চান উল্লেখ করে তিনি বলেন, “সংস্কৃতি নিয়েও কাজ করতে চাই। এরই মধ্যে আমার এলাকায় কিছু কাজ করেছি। মনোনয়ন পেলে নারীদের উন্নয়ন ও সংস্কৃতি খাতে বেশি গুরুত্ব দেব।”
সংসদ সদস্য হিসেবে মনোনীত হলে কোন বিষয়কে অগ্রাধিকার দেবেন-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নারী অধিকার এবং সংস্কৃতি খাতই হবে তার প্রধান কাজের ক্ষেত্র।
জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং তিনি আগামীকাল ফরম জমা দেবেন বলে জাগো নিউজকে জানিয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর বেবী নাজনীন জানান, দীর্ঘ চার দশকের রাজনৈতিক আনুগত্য এবং দেশের নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য থেকেই তিনি সংসদ সদস্য হওয়ার দৌড়ে অংশ নিয়েছেন।
তিনি বলেন, “দলের সিদ্ধান্ত গত ৪০ বছর ধরে মেনে আসছি, ভবিষ্যতেও আসব। দেশ ও নতুন প্রজন্মের জন্য কাজ করতে চাই।”
অন্যদিকে কনকচাঁপা মনোনয়নপত্র সংগ্রহের পর জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার কথা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। একই সঙ্গে দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান তিনি।


