ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ক্ষমতায় চলে এসেছে ঘোষণা দিয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, ‘কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চান, আবার কেন্দ্র দখল করে মেকানিজম করে নির্বাচন করতে চান, তাদের অবস্থা ফ্যাসিস্ট শেখ হাসিনার থেকেও ভয়াবহ হবে।’
শুক্রবার বিকালে ঝিকরগাছা উপজেলা জামায়াত আয়োজিত গণ-জমায়েতে তিনি এসব কথা বলেন। উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশটি আয়োজন করা হয়।
ভিপি সাদিক বলেন, ‘এদেশের তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে, এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত করার। তাই নির্বাচনের দিন সকলে মিলে কেন্দ্র পাহারা দিতে হবে।’
বাংলাদেশে কিছু রাজনীতিবিদ রাজনীতি নিয়ে ব্যবসা করে মন্তব্য করে তিনি বলেন, ‘ক্ষমতায় বসলে আর তারা সাধারণ মানুষের খোঁজ কেউ করে না। আমার দেখেছি তারা এক সময় বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার দৃষ্টান্তও স্থাপন করেছে। কিন্তু আমরা রাজনীতির নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। যে রাজনীতি হবে গরীবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য, ইসলামের জন্য।’
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাদিক বলেন, ‘দেশের চিকিৎসা ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে। এই অবস্থার আমূল পরিবর্তন দরকার। দেশের সকল হাসপাতালকে সিন্ডিকেট মুক্ত করতে হবে।’
যতদিন ইনসাফ কায়েম না হবে, ততদিন আমাদের জুলাই আন্দোলন চলবে মন্তব্য করে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম পেয়েছি। স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের মুক্ত হয়নি। খুনি হাসিনার রাজনীতি এই বাংলাদেশে আর হবে না। বাংলাদেশে রাজনীতি করবে তারাই, যারা বাংলাদেশপন্থী।’


