জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে অনুষ্ঠানের জন্য ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
রিটে একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনের সময় আইনজীবী ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, অন্তবর্তীকালীন সরকারের কথা সংবিধানে উল্লেখ নেই। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।
এ সময় তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
রিটে প্রধান নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। জানা যায়, চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে।


