২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে একযোগে এ ফল প্রকাশ করে দেশের ১১টি শিক্ষা বোর্ড। এখন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ফল সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি ফল দেখা যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে।
ঘোষিত ফল অনুযায়ী সারাদেশে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। গতবছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ, যশোর বোর্ডে ৫০ দশমিক ২০ শতাংশ, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৪৮ দশমিক ৮৬ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৫২ দশমিক ৫৭ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে ৬২ দশমিক ৫৭ শতাংশ, সিলেট বোর্ডে ৫১ দশমিক ৮৬, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৫৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৫৯ দশমিক ৪০ শতাংশ। মাদ্রাসা বোর্ডে ৭৫ দশমিক ৬১ শতাংশ।
এবার এবছর মোট পরীক্ষা কেন্দ্র ছিল ২ হাজার ৮০০টি। সারাদেশের মোট ৯ হাজার ৩০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। অন্যদিকে ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ কৃতকার্য হতে পারেনি।
গত ২৬ জুন শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। চলতি বছর নয়টি সাধারণ বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন।


