ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার বিকালে তারেক রহমানের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে আহতদের হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
আমিনুল হক বলেন, ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়। বিএনপি সবসময় জনগণের সংকটে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।’
দলীয় নেতারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি সংগঠন, যা সবসময় মানুষের পাশে থাকতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


