কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির সদস্যরাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাজিদা আক্তার (২৫) পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার নুরুল বশরের ছেলে মো. শফিকুল ইসলামের স্ত্রী। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে।
নিহতের বাবা নুরুল ইসলাম বলেন, ‘শফিকুল জুয়াসহ নানা অনৈতিক কাজে লিপ্ত ছিল। ঠিকমতো স্ত্রী-সন্তানদের ভরণপোষণ দিত না। বিয়ের কয়েক বছর না যেতেই এ নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। শ্বশুর-শ্বাশুড়িও মেয়েকে শারীরিক নির্যাতন করত। মাঝে মধ্যে নির্যাতন সইতে না পেরে মেয়ে বাপের বাড়ি চলে আসত।’
পরিকল্পিতভাবে মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জাজিদার শ্বশুর নুরুল বশর বলেন, ‘শফিকুল পেশায় একজন দিনমজুর, ঘটনার সময় সে বাড়িতে ছিল না। কাজের প্রয়োজনে সে বান্দরবানে আছে।’
তার বাড়ি থেকে কিছু দূরে স্ত্রী-সন্তানদের নিয়ে ছেলে আলাদা থাকে জানিয়ে তিনি বলেন, জাজিদা আক্তারের শ্বাশুড়ি রোজা শুরুর আগে থেকেই অসুস্থ ছিলেন। রমজানের শুরু থেকে ছেলের বউ তাদের জন্য সেহেরী ও ইফতার তৈরি করে দিতেন। প্রতিদিন ভোররাতে সেহেরি তৈরি শেষে তাদের ঘুম থেকে ডেকে তুলতেন জাজিদা। বুধবার সেহেরীর শেষ সময়ের আগেও ডেকে না দেওয়ায় খোঁজ নিতে গিয়ে ঘরের মেঝেতে জাজিদার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তিনি।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘাড়ে গভীর এবং থুতনিতে সামান্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কে বা কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান তিনি।


