কুমিল্লার তিতাস উপজেলায় ট্রলি উল্টে নদীতে পড়ে তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কড়িকান্দি-রাজাপুর সড়কের ইমন মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই পরিবারের শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার(৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার(৪০)।
স্থানীয়রা জানান, এই তিনজন ইমন মিয়ার বাড়ির সামনে তিতাস নদীতে গোসল করছিলেন। এমন সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি সেখানে উল্টে নদীতে তিনজনের উপরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান। আহত সামছুন নাহারকে উদ্ধার করে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই পরিবারের তিন নারীর মৃত্যুর খবর শুনে আশপাশের কয়েক গ্রামের শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ছুটে আসেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ জানান, ঘটনাস্থলে আরও কেউ হতাহত আছে কিনা তা নিশ্চিত হতে নদতে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান অব্যাহত রেখেছে।


