মানিকগঞ্জে একটি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার বেউথা মোড় এলাকায় বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বস্তি এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার মৃত খন্দকার শরিফ উদ্দিনের ছেলে খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার আবুল কাশেমের ছেলে রেজাউল করিম খান মিলন (৪১)।
ডিবি পুলিশ জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। ডিবির এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে একটি অভিযানিক দল বেউথা মোড়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
পরে তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি সরকারি অ্যাম্বুলেন্সও জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।


