বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার ঢাকায় রাশিয়ার দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, কল্যাণ ও ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে নবনির্বাচিত প্রেসিডেন্টের ভবিষ্যৎ প্রচেষ্টার সফলতা কামনা করেছেন ভ্লাদিমির পুতিন।
রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্টের এ অভিনন্দন বার্তা দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর একদিন আগে, ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দেশ ও বিদেশি মিশনের পক্ষ থেকে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়েছে। এর আগে চীন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়।


