রাজধানী ঢাকায় শুক্রবার ভোর থেকে থেমে থেমে হালকা বৃষ্টি শুরু হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে।
সকালে রাজধানীর মিরপুর, ফার্মগেট, শাহবাগ, আফতারনগর, রামপুরা, বনশ্রী, শাহজাদপুর, বাড্ডা ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টা ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে সকাল ৫টা ৩৯ মিনিটে।


