কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গোবর্ধন দোলা খালের ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। রেলিং ও পাটাতন ভেঙে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৭ গ্রামের মানুষ ।
সরেজমিনে দেখা গেছে, সেতুর বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং রেলিং না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রতিদিন প্রায় ৯ থেকে ১০ হাজার মানুষ এই সেতু ব্যবহার করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে একটি গরু সেতু থেকে পড়ে মারা গেছে। এ ছাড়া রেলিং না থাকায় কিছুদিন আগে কয়েকজন শিক্ষার্থী বাইসাইকেলসহ খালে পড়ে যায়। বৃদ্ধ ও শিশুরা সেতুটি দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন।
সেতুর মাঝখানের ঢালাই ভেঙে যাওয়ায় ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে কৃষিপণ্য হাটবাজারে নিতে গিয়ে বিপাকে পড়ছেন কৃষকরা।
স্থানীয় বাসিন্দা ইলিয়াস আলী, মাহফুজার রহমান ও আপেল মিয়া জানান, প্রায় ৩০ বছর আগে নির্মিত সেতুটির পিলারের সিমেন্ট খসে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) প্রদীপ কুমার বলেন, ‘সেতুটির প্রস্তাবনা তালিকায় রয়েছে। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


