বরগুনায় ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ সাড়ে সাত হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার সকালে পাথরঘাটা মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে এই ইলিশ মাছটি এক জেলে নিয়ে আসেন। পরে উন্মুক্ত ডাকে অংশ নেন একাধিক পাইকার। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ফিস ব্যবসায়ী জাকির হোসেন মাছটি কিনে নেন।
ক্রেতা জাকির হোসেন বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে বড় ইলিশের চাহিদা থাকায় আমি খোলা ডাকে সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনেছি। ইতোমধ্যে এটি ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে ভালো দামে বিক্রি হবে বলে আশা করছি।’
পাথরঘাটা মৎস্য বন্দরের ইমরান হোসেন বলেন, ‘বর্তমানে বাজারে ইলিশের সরবরাহ অত্যন্ত কম। সাগরে মাছ ধরা পড়ছে না বললেই চলে। আজ সকালে বলেশ্বর নদীতে ধরা পড়ে বড় সাইজের একটি রাজা ইলিশ। যা সাড়ে সাত হাজার টাকায় বিক্রি করা হয়।’
তিনি আরও বলেন, ‘পহেলা বৈশাখ সামনে রেখে বড় আকারের ইলিশের চাহিদা বেড়ে গেছে। যার কারণে দামও বেড়েছে কয়েকগুণ। একইসঙ্গে ছোট আকারের জাটকা ইলিশও মণপ্রতি প্রায় ৬০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।’
খুচরা ক্রেতারে বলেন, আসন্ন পহেলা বৈশাখকে কেন্দ্র করে বরগুনার মাছ বাজারগুলোতে ইলিশের দাম অস্বাভাবিক বাড়ানো হয়েছে।


