উখিয়ায় অপহৃত তরুণ টেকনাফ থেকে উদ্ধার 

উখিয়ায় অপহৃত তরুণ টেকনাফ থেকে উদ্ধার 
উদ্ধার হওয়া তরুণ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া থেকে অপহরণের শিকার ১৮ বছর বয়সী তরুণকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। অপহৃত হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার রাতে টেকনাফের কাঞ্জরপাড়া বাজার এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আবছার নামে ওই তরুণ অপহরণের শিকার হন। ঘটনার পর তার বাবা র‌্যাব-১৫-এর কাছে একটি লিখিত অভিযোগ দেন। এর পর র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

র‌্যাব জানায়, গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত তরুণের অবস্থান শনাক্ত করা হয়। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের কাঞ্জরপাড়া বাজার এলাকার সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।’

‘র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ কারণে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে’, যোগ করেন তিনি।

উদ্ধার হওয়া তরুণকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad