ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন সৌম্য সরকার, প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি সৌম্য। সেই সফরের ওয়ানডে দলে অবশ্য ছিলেন না এই বাঁহাতি ওপেনার। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি।
উইকেটকিপার ব্যাটার অঙ্কন একটি মাত্র টেস্ট খেললেও বাকি দুই ফরম্যাটে তার খেলা হয়নি এখনো। অবশ্য এর আগে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন একবার। সম্প্রতি ঢাকা বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টি খেলে আসা এই তরুণ ক্রিকেটার প্রথমবার ডাক পেলেন ওয়ানডে দলে। তাকে নিয়ে স্কোয়াডে উইকেট কিপার ব্যাটারের সংখ্যা দাঁড়াল তিন। স্কোয়াড সাজানো হয়েছে চার পেসার ও দুই স্পেশালিস্ট স্পিনারকে নিয়ে।
সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে এসেছে দুটি বদল। বাদ পড়েছেন পেসার নাহিদ রানা ও ওপেনার নাঈম শেখ। দুজনই সিরিজে একটি করে ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, অ্যাকিম অগাস্ট, জেদিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জানগু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মুটি, খারি পিয়েরে, শারফেন রাদারফোর্ড, জেডন সিলস, রোমারিও শেফার্ড।


