বাংলাদেশ মাশায়েখ কাউন্সিল (বিএমসি) ও মোহাম্মদী কাফেলা বাংলাদেশ (এমকেবি)-এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার রাজধানীতে একটি বিশেষ আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল বলেন, যারা মসজিদ-মাজারে হামলা চালায়, তারা ইসলামের আলোয় আলোকিত নয়।
ধ্বংস হওয়া মাজারগুলো পুনঃপ্রতিষ্ঠার আশ্বাস দিয়ে তিনি বলেন, মহানবীর জীবন অনুসরণ করলেই ন্যায়বিচার ও সাম্যের সমাজ গড়া সম্ভব। ধর্মীয় মূল্যবোধ থেকে শিক্ষা নিয়ে দেশকে শান্তি ও কল্যাণের পথে এগিয়ে নিতে হবে।
এ ছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক কামালউদ্দিন আহাম্মদ, প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, সাংবাদিক মুনিরুল ইসলাম, এহসানুল হক, নাট্যকার মুকিত জাকারিয়া, নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।
আয়োজনে সহযোগিতায় ছিল সিদ্দিকী ফাউন্ডেশন, বখশিয়া দরবার শরিফ, দরবারে চাঁদপুরী শাহ, গাউছুল আজম বরিয়াবরি দরবার শরিফ ও শাহপুর দরবার শরিফ। এ সময় মাহফিলে স্বাগত বক্তব্য দেন কুতুবউদ্দিন বখশী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তের ২০টিরও অধিক বিশিষ্ট দরবার ও খানকাহ শরিফের পীর-মাশায়েখ ও প্রতিনিধিরা এ মাহফিলে অংশ নেন।
আলোচনা শেষে উপস্থিত পীর-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদদের অংশগ্রহণে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


