বরাবরের মত দেশীয় টেলিভিশন ও ইউটিউব চ্যানেলগুলোতে ঈদ উপলক্ষে শতাধিক নাটক প্রচারিত হবে। এর মধ্যে বেশ কিছু নাটক আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।
গেল বছরের ভ্যালেন্টাইনে প্রচারিত ‘মন-দুয়ারী’ নাটকের মাধ্যমে জনপ্রিয় হয় জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নিহা জুটি। এরপর তাদের জুটির ‘মেঘবালিকা’, ‘ঘ্রাণ’সহ একাধিক নাটক এসেছে। এবারের ঈদে তানিম রহমান অংশু পরিচালিত ‘অচেনা আমি’ এবং জাকারিয়া সৌখিনের ‘মায়াপাখি’ নাটক দুটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক। ‘অচেনা আমি’-র গল্প ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ব নিজেই।
গত কয়েক বছরের ঈদের মত এবারও সর্বাধিক নাটকে দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে। তানজিম সইয়ারা তটিনীর সঙ্গে তার অভিনীত অনেকগুলো নাটক প্রচারিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ ও রুবেল হাসানের ‘তোর মায়ায়’। এছাড়াও ‘তোমাদের গল্প ২’ এবং ‘তোমার আমার প্রেম’ নাটকগুলোতে একসঙ্গে দেখা যাবে এই দুজনকে।
মুশফিক আর. ফারহান ও কেয়া পায়েল বর্তমানে ছোট পর্দার অন্যতম আলোচিত জুটি। দুই শতাধিক নাটকে একসঙ্গে কাজ করার ফলে তাদের পর্দার রসায়ন হয়েছে অসাধারণ। রোমান্টিক ও কমেডি—দুই ঘরানাতেই তারা সমান স্বাচ্ছন্দ্যময়। ঈদে তাদের ‘ডুব’, ‘আনারকলি’, ‘বুকের ভিতর আগুন’ ও ‘ইচ্ছে ডানা’সহ একাধিক নাটক প্রচার হবে।
শুধু ফারহান-কেয়া পায়েল জুটি নয়, নিলয়-হিমি জুটিরও ইতোমধ্যে ২ শতাধিক নাটক প্রচারিত হয়েছে। এ জুটিকে রোমান্টিক, কমেডি থেকে শুরু সব ঘরানার নাটকে দেখা গেছে। এবারের ঈদে তাদের ‘মীমাংসা’, ‘মিতব্যয়ী’, ‘বেতাল প্রেম’ ও ‘তিন চাকার সংসার’ প্রচার হবে।
তাসনুভা তিশা, তানিয়া বৃষ্টির সঙ্গে জুটি ভাঙার পরে আরশ খান জুটি বেঁধেছেন সুনেরাহ বিনতে কামালের সঙ্গে। ব্যক্তিজীবনে দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন রয়েছে। এবারের ঈদে ‘বাটারফ্লাই ইফেক্ট’ ও ‘ভুল নাকি প্রেম’সহ একাধিক নাটকে দেখা যাবে তাদের।
সাদিয়া আয়মানের সঙ্গে জুটি ভাঙার পর খায়রুল বাসার তটিনীসহ অনেকের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেছেন। সাম্প্রতিক সময়ে তার সঙ্গে সাদনিমা বিনতে নোমানের জুটি গড়ে উঠেছে। গেল ঈদের ‘ইরার পদ্ম’ নাটকের পর এবার তারা একসঙ্গে ‘জ্বীন ও পরীর সংসার’, ‘সরল জটিলতা’, ‘মনডুবি’ এবং ‘ঈরার পদ্ম ২’-তে অভিনয় করেছেন।


