আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথের যাত্রীদের সুবিধার্থে রাজধানীর বছিলা এলাকায় নতুন একটি লঞ্চঘাট চালু করা হয়েছে। সোমবার বিকালে ঘাটটির উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।
নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় সচিব নূরুন্নাহার চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বছিলা লঞ্চঘাট থেকে ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন ছয়টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, ঈদের সময় সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সেখানে পৌঁছাতে যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সদরঘাটের পাশাপাশি রাজধানীর বছিলা এলাকায় নতুন লঞ্চঘাট চালু করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন ঘাট চালুর ফলে যাত্রীদের চাপ কিছুটা কমবে এবং যাতায়াত আরও সহজ হবে।
বছিলা লঞ্চঘাট চালুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার অনেক নৌযাত্রী সেখানে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাভার এবং গাবতলীসহ আশপাশের এলাকার যাত্রীদের নৌপথে যাতায়াত সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা বলেন, অন্যান্য বছরের মতো এবারও কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না।
তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ সূত্রে আরও জানানো হয়, যাত্রীচাপ বিবেচনায় প্রয়োজন হলে বছিলা লঞ্চঘাট থেকে লঞ্চের সংখ্যাও বাড়ানো হবে।


