গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতা বাড়াতে ‘ভোটের গাড়ি’ এখন নীলফামারী শহরে অবস্থান করছে। ‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় গাড়িটি কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পৌঁছায়। পরে সেখানে সচেতনতামূলক প্রচার চালায়।
রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান এই প্রচারে যোগ দেবেন। দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হবে। পরে সেখানে মতবিনিময় সভায় অংশ নেবেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জেলার চারটি আসনে ভোটের গাড়িসহ সব সেক্টরকে একীভূত করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।
তিনি জানান, শুক্রবার রাতে নীলফামারী-১ আসনের ডোমার উপজেলায় ভোটের গাড়ির মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শনিবার সন্ধ্যায় তা জেলা শহরে দেখানো হয়। জেলার বাকি দুই আসনেও এই প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।
ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস ভিডিওতে তুলে ধরা হচ্ছে । এসব প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনসহ সব সরকারি দপ্তর একযোগে এই প্রচারে যুক্ত রয়েছে। এর ফলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা বাড়ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচন আচরণবিধি বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে একাধিক স্থানে গণভোটের প্রচার কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এসব সভায় নির্বাচন-পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, গুজব প্রতিরোধ, ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে।


